দুর্গম পর্যটন এলাকায় মিলবে মোবাইল নেটওয়ার্ক
- ব্যয় হবে ৪৫ কোটি ৮৯ লাখ টাকা
- স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ব্যাকহল সংযোগ স্থাপন করবে টেলিটক
- ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন হবে ১৮ জেলায়

সংগৃহীত ছবি
দেশের ১৮টি দুর্গম পর্যটন জেলায় মিলবে মোবাইল নেটওয়ার্ক। স্থাপন করা হবে স্যাটেলাইট প্রযুক্তি। এর মাধ্যমে উচ্চগতির ট্রান্সমিশন সেবা নিশ্চিতের পাশাপাশি টেলিটকের ফোরজি মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। ফলে যেসব পর্যটন স্পটে এখন পর্যন্ত কোনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, সেসব এলাকার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দুর্ভোগের দিন শেষ হবে। এজন্য ‘দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেওয়ার্ক সম্প্রসারণ’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকা। সম্প্রতি প্রকল্পটি অনুমোদন দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পটির ব্যয় ৫০ কোটি টাকার নিচে হওয়ায় এটি অনুমোদনের এখতিয়ার অর্থ ও পরিকল্পনামন্ত্রীর। কিন্তু এরপরও প্রথা অনুযায়ী সম্প্রতি বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অবহিত করা হয়েছে। প্রকল্পটি গুরুত্বপূর্ণ, কেননা এটি বাস্তবায়িত হলে পর্যটক ও স্থানীয় জনগণ উন্নত ডিজিটাল কানেকটিভিটি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সেবা ও অর্থনৈতিক সুবিধাগুলো সহজে গ্রহণের সুযোগ পাবে, যা দেশের পর্যটনশিল্পের বিকাশ এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। এটি চলতি অর্থবছর থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
সূত্র জানিয়েছে, প্রকল্পটি দেশের দুর্গম পর্যটন এলাকা রয়েছে, এরকম ১৮টি জেলায় বাস্তবায়ন করা হবে। জেলাগুলো হলো— বাগেরহাট, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, ময়মনসিংহ, নওগাঁ, নাটোর, পটুয়াখালী, রাঙামাটি, সাতক্ষীরা, শেরপুর, সুনামগঞ্জ এবং সিলেট।
প্রকল্প এলাকা নির্বাচনের যৌক্তিকতা সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা, বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত পর্যটন অঞ্চলে বর্তমানে টেলিটকের নিরবচ্ছিন্ন ও উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সীমিত বা অনুপস্থিত। এসব এলাকায় প্রচলিত ফাইবার, যা মাইক্রোওয়েভ ব্যাকহল স্থাপন ভৌগোলিক প্রতিবন্ধকতা, উন্ড ব্যয় এবং বাস্তবায়ন জটিলতার কারণে কঠিন। এমন প্রেক্ষাপটে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও কার্যকরভাবে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য প্রস্তাবিত এলাকাগুলোকে প্রকল্প এলাকা হিসেবে নির্বাচন করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবে টেলিটক থেকে বলা হয়েছে, কিছু দুর্গম এলাকায় ভৌগোলিক প্রতিবন্ধকতা ও স্থাপন জটিলতার কারণে ফাইবার অপটিক সংযোগ সম্প্রসারণ তুলনামূলকভাবে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ব্যাকহল সংযোগ স্থাপন একটি সময়োপযোগী ও কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে, যা বিদ্যমান ফাইবার অপটিক নেটওয়ার্কের পরিপূরক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দূরবর্তী পর্যটন এলাকাগুলোয় নিরবচ্ছিন্ন ফোরজি সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে। দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় ১০০টি ২জি+৪জি প্রযুক্তির মনোপোল স্ট্রিট সলিউশন টাইপ বিটিএস সাইট স্থাপন করা হবে। প্রত্যন্ত দুর্গম পর্যটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ উন্নত করতে ৪৬ কোটি ৫৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি প্রস্তাব করা হয়। গত ১ এপ্রিল প্রস্তাবটি নিয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। সেখানে ব্যয় কিছুটা কমিয়ে করা হয় ৪৫ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকা।



