পলিসি সামিটে রেহমান সোবহান
নীতিনির্ধারণে শুধু সরকারের একক কর্তৃত্ব থাকা উচিত নয়

ছবি: আগামীর সময়
দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়া শুধু সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। এ প্রক্রিয়ায় নাগরিক সমাজ, গবেষণাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং মাঠপর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গবেষণালব্ধ তথ্যপ্রমাণকে জাতীয় নীতিতে রূপ দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘পলিসি সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. রেহমান সোবহান।
ড. সোবহান বলেন, গবেষণার তথ্যপ্রমাণ যারা তৈরি করেন এবং যারা নীতিনির্ধারণ করেন, তাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতেই সিপিডি প্রতিষ্ঠা করা হয়েছিল। সরকার, বিরোধী দল, নাগরিক সমাজসহ বিভিন্ন পক্ষকে একই টেবিলে নিয়ে আসাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্বীকার করলেন সিপিডি প্রতিষ্ঠাতা। ‘সংবাদপত্র ও টেলিভিশন গবেষণার ফলাফলকে গুরুত্ব দিয়ে প্রধান শিরোনাম করেছে, যা বিশ্বের অনেক দেশেই দেখা যায় না।’
তবে বর্তমানে গবেষণাপ্রতিষ্ঠান ও থিঙ্কট্যাংকগুলো বিচ্ছিন্নভাবে কাজ করছে মন্তব্য রেহমান সোবহানের। তার মতে, অর্থায়নের কাঠামোর কারণে প্রতিষ্ঠানগুলো একে অপরের সহযোগী না হয়ে প্রতিযোগী হিসেবে কাজ করছে। ফলে সরকারের পক্ষেও কার বক্তব্যকে গুরুত্ব দিতে হবে, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। সারা দেশে অনেক ছোট ছোট উদ্যোগ সফল হলেও সেগুলোকে একত্র করে সম্মিলিত উদ্যোগ ও শক্তিশালী কণ্ঠ তৈরির ঘাটতি রয়েছে।
ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) যৌথভাবে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ‘শিখন: ভিত্তি থেকে ভবিষ্যৎ’।
রেহমান সোবহানের অবদানও তুলে ধরলেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গবেষণার তথ্যপ্রমাণকে জাতীয় নীতিতে রূপান্তর করা বড় চ্যালেঞ্জ। অধ্যাপক রেহমান সোবহানের মতো ক্ষুদ্র তথ্যপ্রমাণকে সামষ্টিক পর্যায়ের জাতীয় নীতিতে রূপ দেওয়ার সক্ষমতাসম্পন্ন গবেষক বর্তমান প্রজন্মে খুব কমই রয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশন গঠন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরিতে তার অবদান গুরুত্বপূর্ণ ‘
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, গবেষণালব্ধ তথ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান বাড়ছে। এ ব্যবধান কমাতে একটি অভিন্ন জাতীয় কর্মসূচি প্রয়োজন। তথ্যপ্রমাণ এমনভাবে তৈরি ও উপস্থাপন করতে হবে, যাতে তা নীতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে।
পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল পলিসি অ্যাওয়ার্ড
সামিটের প্রথম দিনে নীতির আলোচনা থেকে বাস্তবায়ন পর্যন্ত ইতিবাচক পরিবর্তনে অবদান রাখায় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।
আইনি হস্তক্ষেপ বিভাগে পুরস্কার পেয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। শিক্ষাপ্রতিষ্ঠানের ফরমে শুধু বাবার নাম উল্লেখের বাধ্যবাধকতার বিরুদ্ধে সংস্থাটির করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে হাইকোর্ট বাবা, মা অথবা আইনগত অভিভাবকের নাম গ্রহণের নির্দেশ দেন।
গণমাধ্যমে প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া জন্ম ও মৃত্যুনিবন্ধন নিয়ে তাদের প্রতিবেদনের পর ২০২৬ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুয়া নিবন্ধন শনাক্ত ও বাতিলের উদ্যোগ নেয়।
গবেষণালব্ধ প্রমাণ বিভাগে পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বাবল সিপ্যাপ দল। দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডা. মোহাম্মদ জোবায়ের চিশতী। গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য স্বল্পমূল্যের এ প্রযুক্তি উদ্ভাবন ও পরীক্ষার স্বীকৃতি হিসেবে দলটিকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় হাম নির্দেশিকায় বাবল সিপ্যাপ অন্তর্ভুক্ত হয়েছে।
তথ্য অধিকার আইন বিভাগে পুরস্কার পেয়েছেন গোলাম ইসহাক খান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকার বিষয়ে তথ্য অধিকার আইনে অভিযোগ করার পর তথ্য কমিশন বিউবোর সব কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ নিয়োগের নির্দেশ দেয়।
পরীক্ষামূলক প্রকল্প বিভাগে পুরস্কার পেয়েছে হাইসাওয়া। খুলনায় স্কুল ও ক্লিনিকে নিরাপদ পানি সরবরাহে ‘সেফ পানি’ প্রকল্পের পরীক্ষামূলক উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ওসমান পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আইআইডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাঈদ আহমেদ। তিনি বলেন, মানুষের অভিজ্ঞতা, তথ্যপ্রমাণ, মতামত ও প্রয়োজনের ভিত্তিতে নীতি তৈরি করতে হবে। নীতি প্রণয়নের পর তা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়াও জরুরি।
বিচারকমণ্ডলীতে ছিলেন ব্র্যাকের সাবেক ভাইস চেয়ারম্যান ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং কাউন্টারপয়েন্টের সম্পাদক ও ঢাকা ট্রিবিউনের সাবেক সম্পাদক জাফর সোবহান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তথ্যপ্রমাণকে কাজে রূপ দিতে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক রেহমান সোবহানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।




