নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হলেন শাওয়াল খানম

শাওয়াল খানম
কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওয়াল খানম। আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে তাকে দায়িত্ব দিয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শাওয়াল খানম আগামীর সময়কে জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে এ পদে যোগ দেবেন। বলেছেন, ‘নতুন দায়িত্ব মানেই এক ধরনের চ্যালেঞ্জ। চেষ্টা করব নজরুল ইনস্টিটিউটের কাজকে গতিশীল করতে।’
২০২৪ সালে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ওই বছরের ২২ সেপ্টেম্বর দুই বছরের জন্য গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে এ পদে নিয়োগ দিয়েছিল। গত সেপ্টেম্বরে শিবলীর মেয়াদ শেষ হয়। শাওয়াল খানম মূলত শিবলীর স্থলাভিষিক্ত হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর ধারা-৯(২) অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে (শাওয়াল খানম) এ পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে শাওয়াল খানম বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
কক্সবাজারের মহেশখালীতে জন্ম নেওয়া শাওয়াল খান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রজ্ঞাপন ও সনদে ‘শাওয়াল খানম’ নাম থাকলেও সাহিত্য ও কর্মক্ষেত্রে তিনি ‘শাওয়াল খান’ নামেই পরিচিত।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত দুই খণ্ডের ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’ (২০২৬), ‘শিক্ষাজগৎ’ (২০০৯ ও ২০২৫) এবং গল্পগ্রন্থ ‘অক্টোপাস’ (১৯৯৬)। এ ছাড়া শিশুদের জন্য তিনি লিখেছেন ‘বর্ণেরছড়া ও বর্ণপরিচয়’ (২০২২) এবং ‘ট্রু ফ্রেন্ডস অব চিলড্রেন: ইংলিশ অ্যালফাবেটিক্যাল রাইমস’ (২০২২)। পাশাপাশি তাঁর সম্পাদিত ও সহ-লেখক হিসেবে প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘শিক্ষাই আমার প্রথম চাওয়া’, ‘দুর্যোগ মোকাবেলায় আমরা’ (সিরিজ ১-৪) এবং ‘হেলেন কেলারের শিক্ষক’ (অনুবাদ গ্রন্থ) উল্লেখযোগ্য।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম সংরক্ষণ, গবেষণা এবং প্রচারের লক্ষ্যে কাজ করে থাকে কবি নজরুল ইনস্টিটিউট।



