ভাষা, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে এইউডব্লিউর আন্তর্জাতিক সম্মেলন

চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত আন্তর্জাতিক হিউম্যানিটিজ কনফারেন্স—সংগৃহীত ছবি
চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) হিউম্যানিটিজ প্রোগ্রামের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক হিউম্যানিটিজ কনফারেন্স। এই সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়েছেন।
উদ্বোধনী দিনে সাহিত্য, ইতিহাস, দর্শন, ভাষা, লিঙ্গ, আদিবাসী জ্ঞান এবং মানবিক শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এইউডব্লিউর উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি বলেছেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বকে বদলে দেয়, কিন্তু মানবিকতা আমাদের মানুষ করে তোলে। হিউম্যানিটিজ হলো সমাজের বিবেক, তার স্মৃতি এবং তার কল্পনা—যা অতীতকে সংরক্ষণ করে ও বর্তমানকে আলোকিত করে।’ কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক মাসুদুর রহমান তার বক্তব্যে অংশগ্রহণকারী এবং স্পন্সর ক্লিফটন গ্রুপ ও ডিটসকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, ভাষা এবং মানবাধিকারকে পরস্পর-সম্পর্কিত বিষয় হিসেবে তুলে ধরেন প্রধান অতিথি ও আদিবাসী অধিকার বিশেষজ্ঞ রাজা দেবাশীষ রায়। পার্বত্য চট্টগ্রামের অভিজ্ঞতার আলোকে পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া আদিবাসী ভাষার স্বীকৃতির ওপর জোর দিয়ে সতর্ক করেন যে, একটি ভাষাকে অস্বীকার করা মানে একটি জীবনধারাকেই অস্বীকার করা।
এতে ‘হোয়াই হিউম্যানিটিজ ম্যাটার টুডে’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউল্যাবের স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক ড. কায়সার হক। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের ভাষা ও মৌলিক দক্ষতার ভিত্তি মজবুত করার তাগিদ দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে তিনি বলেছেন, প্রযুক্তির এই যুগে আমাদের খাপ খাইয়ে নিতে হবে, অন্যথায় যন্ত্র কেবল যন্ত্রের সঙ্গেই কথা বলবে। একই সঙ্গে মৌলিক চিন্তা ও সৃজনশীলতা মূল্যায়নের নতুন পদ্ধতি এবং অনুবাদের ওপর জোর দেন তিনি।
দিনের শেষভাগে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক প্যানেলগুলোতে এইউডব্লিউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, আইইউবি, সিআইইউসহ নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। ল মিপ্রু মারমা ও জ্যোতি টিনার সঞ্চালনায় দুই দিনব্যাপী সম্মেলনটি শেষ হবে শনিবার।




