‘মাটির কাছে, জলের কাছে ফিরে যাওয়াই প্রত্যাবর্তন’

সংগৃহীত ছবি
বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা ২০২৬’। আজ সোমবার বিকেল ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘প্রত্যাবর্তন : স্থাপত্যে প্রকৃতি ও ভাবদর্শনের সংমিশ্রণ’ শীর্ষক বক্তৃতা দেন স্থপতি রফিক আজম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ফেলো ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, ‘গাজী শামছুর রহমান ছিলেন প্রথিতযশা আইনবিদ ও বাংলা একাডেমির এককালীন সভাপতি। মানবমঙ্গলের জন্যই আইনকানুন—এই বোধ তিনি যেমন তার চিন্তা ও সক্রিয়তায় প্রকাশ করেছেন সবসময়, তেমনি তার স্মরণে আজকের স্মারক বক্তৃতার বিষয় হিসেবেও বেছে নেওয়া হয়েছে স্থাপত্যকলায় মানবিক প্রকৃতিলগ্ন অঙ্গীকারের বিষয়কে, যা এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে সহায়ক হতে পারে।’
বক্তৃতায় স্থপতি রফিক আজম বলেছেন, ‘প্রত্যাবর্তন মানে অতীতে ফিরে গিয়ে বসবাস করা নয়। অতীতের কোনো স্থাপত্যের অবিকল অনুকরণও নয়। সোমপুর মহাবিহারের ইটের নকশা কিংবা বাংলার কুটিরের চালা হুবহু নকল করলেই বাংলার সমকালীন স্থাপত্য তৈরি হবে না। প্রত্যাবর্তন হলো আমাদের হারিয়ে যাওয়া প্রশ্নগুলোর কাছে ফিরে যাওয়া।’
তিনি বললেন, ‘ওয়ারী-বটেশ্বর, পুণ্ড্রবর্ধন, সোমপুর মহাবিহার কিংবা বিক্রমপুরের অতীশ-স্মৃতিবাহী ঐতিহাসিক ভূদৃশ্যের দিকে তাকানো তাই নিছক প্রত্নতাত্ত্বিক অতীতের দিকে তাকানো নয়। বাংলার কুটির, উঠান, পুকুর, ঘাট, বাগান কিংবা চর্যার দেহরূপকের দিকে ফিরে তাকানোও কোনো নস্টালজিয়া নয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয়—এই ভূখণ্ডের বহু ঐতিহাসিক নির্মাণ ও ভাবচর্চায় প্রকৃতি, জীবন এবং দর্শনের মধ্যে গভীর যোগসূত্র ছিল।’
রফিক আজম আরও বলেছেন, ‘আজকের স্থাপত্যবিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের অর্জনকে সঙ্গে নিয়েই যদি আমরা সেই অন্তর্দৃষ্টির দিকে আবার চোখ ফেরাতে পারি, তবে হয়তো আমাদের স্থাপত্য নতুন অর্থে আধুনিক হয়ে উঠতে পারে। কারণ প্রকৃত আধুনিকতা স্মৃতিহীনতা নয়; বরং দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন জ্ঞানে রূপান্তর করার ক্ষমতা।’
তিনি বলেন, ‘এই প্রত্যাবর্তন কোনো নির্দিষ্ট সময়ে বা হারিয়ে যাওয়া স্থাপত্যরীতিতে ফিরে যাওয়া নয়। এটি মাটির কাছে ফিরে যাওয়া, জলের কাছে ফিরে যাওয়া, আলো ও বাতাসের কাছে ফিরে যাওয়া; স্মৃতির কাছে, মানুষের কাছে এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে যাওয়া।’
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেছেন, ‘প্রখ্যাত আইনবিশারদ গাজী শামছুর রহমান স্মরণে বাংলা একাডেমি আয়োজিত গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা ২০২৬-এর বিষয় নির্বাচন করা হয়েছে স্থাপত্যে প্রকৃতি ও ভাবদর্শনের সংমিশ্রণ। বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের কালে আমাদের স্থাপত্যকলায় প্রাকৃতিক সুরক্ষা এবং মানবিক ভাবনাচিন্তার সংমিশ্রণের প্রয়োজনীয়তা অপরিসীম।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।






