লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দর্শনার্থীদের ভিড়। ছবি: আগামীর সময়
ইজেল আর্ট অ্যান্ড আর্টিস্ট গ্রুপের উদ্যোগে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে দুই শিল্পী আফরিনা নাজনীন ও রাজিয়া সুলতানার যৌথ চিত্রপ্রদর্শনী ‘পেট্রিকোর: ইমপ্রেশনস অব টাইম’। ইজেলের পঞ্চম এই আয়োজন সংগঠনটির প্রথম দ্বৈত চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীটি আগামী ২১ আগস্ট পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য।
শুক্রবার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রদর্শনীর। ‘একক কিন্তু একত্রে’ থিমকে কেন্দ্র করে আয়োজন করা হয় এ প্রদর্শনীর। এতে তুলে ধরা হয়েছে দুই শিল্পীর নিজস্ব দৃষ্টিভঙ্গি, জীবনের অনুভূতি, সময়, স্মৃতি ও মানবাচরণের অমলিন সৌন্দর্যের শৈল্পিক মেলবন্ধন।
ক্ষুদ্র শিল্পরীতি ব্যবহার করে ব্যক্তিগত শিল্পযাত্রাকে একটি যৌথ দৃশ্যশিল্পের আলাপে রূপ দিয়েছেন দুই শিল্পী। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাদের বিভিন্ন শিল্পকর্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্পী কাউসার হাসান টগর ও আব্দুল্লাহ আল বশির।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিল্পকলা অঙ্গনে শিল্পী ও শিল্পপ্রেমীদের মধ্যে অর্থপূর্ণ যোগাযোগ এবং সৃজনশীলতা চর্চার মাধ্যম হিসেবে কাজ করে আসছে আয়োজক ইজেল আর্ট অ্যান্ড আর্টিস্ট গ্রুপ। শিল্পী, সংগ্রাহক ও শিল্পানুরাগীদের প্রদর্শনীটি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
প্রদর্শনীটি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য থাকবে উন্মুক্ত।







