- ২ ঘণ্টা আগে(০৬:৩৪)

তানজিদের প্রথম টেস্ট ফিফটি
ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ব্যাটার সাবলীল ভাবে কাটিয়ে দিয়েছেন প্রথম ঘণ্টা। শুধু তাই নয় প্রথম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম।
ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন তামিম। তাও অস্ট্রেলিয়ায়। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের মতো পেসারদের সামলে নিজের অনভিজ্ঞতাকে জয় করেছেন এই ব্যাটার। দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা শেষে ১০৪ বলে তার ব্যাটে ৫১ রান।
অপরপ্রান্তে ৯০ বলে ৪৮ রান করে নিজের ২৯তম টেস্ট ফিফটির কাছে মুমিনুল হক। দুজনের জুটি ৯৩ রানের। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৯ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১৯৮ রান থেকে ৬৯ রান দূরে বাংলাদেশ।
দ্বিতীয় দিন ব্যাটারদের সাফল্য এনে দেওয়ার পালা
ডারউইন টেস্টের স্বপ্নের প্রথমদিন কাটিয়ে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কঠিন বোলিং লাইনকে প্রথমদিন দারুণ সামলেছেন তানজিদ তামিম ও মুমিনুল হক। তামিম ৬৭ বলে ৪ চারে ৩২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে থাকা মুমিনুলের রান ৪৯ বলে ৬ চারে ৩৫। দুজনে ৬০ রানের জুটি গড়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে এখনও ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা ৫৫ রানে ৬ উইকেট, তাসকিন ও ইবাদতের ২টি করে উইকেটে অবিশ্বাস্য সফল ছিলেন বোলাররা। এবার সফলতার ধারাবাহিকতা টেনে নেওয়ার পালা ব্যাটারদের।






