নানা আয়োজনে গ্রুপ থিয়েটার দিবস উদ্যাপন

ছবি: আগামীর সময়
আনন্দ শোভাযাত্রা, আলোচনা, নৃত্যনাট্য আর গানে গানে উদ্যাপিত হয়েছে ৪৬তম ‘গ্রুপ থিয়েটার দিবস’। সারা দেশের নাট্যসংগঠন নিয়ে ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এরপর থেকে দিনটিকে গ্রুপ থিয়েটার দিবস হিসেবে উদ্যাপন করে আসছে দেশের নাট্যকর্মীরা।
‘নাটক হোক সত্য সুন্দরের দিশারি’ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম বলেন, ‘দেশের নাট্যচর্চাকে জীবিত রেখেছে এবং থিয়েটারকর্মীদের সুখ-দুঃখ, কষ্ট ও সমস্যায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।’
বর্তমান কমিটির দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে ধরে লাকী ইনাম জানান, একটি সংকটের সময়ে তারা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের হাল ধরেছিলেন এবং সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার আশা, খুব শিগগিরই একটি সম্মেলন করে নতুন কমিটির হাতে কার্যক্ষমতা হস্তান্তর করা হবে।
পুরনো ও নতুন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করতে হবে; তা না হলে এটি সম্ভব নয়।’
ফেডারেশানের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম জানান, ‘ঝিনাইদহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ অন্তত ১২টি জেলায় এবার গ্রুপ থিয়েটার দিবস উদ্যাপিত হচ্ছে।’
‘থিয়েটার তোপখানার’ হাফিজুর রহমান সুরুজ বলেন, ‘এখন ঐক্য হওয়া দরকার এবং সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বেশি করে নাটক করার মধ্য দিয়েই নিজেদের পরিচয় দিতে হবে, আর শিগগিরই সম্মেলন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা আগামীতে আরও ত্বরান্বিত হবে বলে আশা করি।’
তপন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে খোরশেদ আলম, খন্দকার আনোয়ারুল ইসলাম ও আব্দুল আজিজসহ অনেকে বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যনাট্য ‘মেহের নিগার’-এর পরিচালনায় ছিলেন নিলুফার ওয়াহিদ পাপড়ি ও ফারহানা চৌধুরী বেবী।
এরপর গান পরিবেশন করেন সংগীতশিল্পী মৈশাল রাজা, শিশির রহমান ও দোয়েল। সংগীতশিল্পী খুরশীদ আলমের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




