জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের আহ্বান ফরিদা আখতারের
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত, সংগ্রামী নারী-পুরুষ এবং অংশগ্রহণকারীদের আত্মত্যাগ, সাহস ও অবদান যথাযথভাবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে রাষ্ট্র ও সমাজকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারীগ্রন্থ প্রবর্তনার সভাপতি ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলছিলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; এটি মানুষের মর্যাদা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতিফলন। এই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিশেষ করে শহীদ ও সংগ্রামী নারী-পুরুষের আত্মত্যাগ, সঠিকভাবে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।’
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ নারীগ্রন্থ প্রবর্তনার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রামী নারী: অশ্রুর শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, শহীদ আনাসের মা সানজিদা খান, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান, শহীদ সৈকতের বোন সেবন্তী, শহীদ মো. সোহেলের মা রহিমা বেগম, শহীদ হৃদয়ের বড় ভাই ইব্রাহিম এবং গণসংহতি আন্দোলনের তাসলিমা আখতার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উবিনীগের পরিচালক সীমা দাস সীমু। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।







