পূর্ণিমার আলোয় সুরের আসর, নাদ-এর বৈঠক

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘নাদ’-এর সপ্তম শাস্ত্রীয় সংগীত বৈঠক।
পূর্ণিমার স্নিগ্ধ আলো আর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের আবেশে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘নাদ’-এর সপ্তম শাস্ত্রীয় সংগীত বৈঠক। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক একাডেমি, বনানীতে আয়োজিত এই সংগীতসন্ধ্যায় শিল্পীদের পরিবেশনায় সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর সুরের আবহ।
অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন শিল্পী দীপানিতা দীপা এবং সেতার পরিবেশন করেন সোহিনী মজুমদার। তাদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে সুরের আবেশ তৈরি করে।
অনুষ্ঠানে তবলায় ছিলেন কুমার প্রতিভিম্ব ও ইসরাত-ই-জাহান খুশবু এবং হারমোনিয়ামে ছিলেন আফিয়া আতরের আবেদা। পুরো পরিবেশনার সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন জয় পাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তমালিকা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শান্ত দাস। সহযোগিতায়: বাইনারি লজিক
‘নাদ’-এর এই আয়োজনের মূল উদ্দেশ্য উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের চর্চা ও প্রসার ঘটানোর পাশাপাশি শিল্পী এবং শ্রোতাদের মধ্যে একটি আন্তরিক সাংস্কৃতিক সংযোগ তৈরি করা।
অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক শান্ত দাস জানান, ‘নাদ’-এর এই সংগীতযাত্রা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বড়দিন বা ক্রিসমাসের ছুটির কথা বিবেচনা করে ‘নাদ’-এর পরবর্তী বৈঠকটি নির্ধারিত চতুর্থ সপ্তাহের পরিবর্তে মাসের তৃতীয় সপ্তাহের বুধবার অনুষ্ঠিত হবে। তিনি পরবর্তী আয়োজনেও সকল সংগীতপ্রেমী ও দর্শক-শ্রোতাকে সাদর আমন্ত্রণ জানান।
‘নাদ’-এর পরবর্তী আয়োজনে খেয়াল পরিবেশন করবেন শিল্পী স্বরাজ সাহা এবং একক তবলা বাদন করবেন কুমার প্রতিভিম্ব।



