শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি জবরদখলের অপপ্রয়াসের প্রতিবাদ, রাষ্ট্রীয় সুরক্ষার দাবি

গ্রাফিকস: আগামীর সময়
ভাষা সংগ্রামী এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের বাসভবনটি একটি বিশেষ মহল ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে— জাতীয় দৈনিকে প্রকাশিত এমন খবরের প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে পরিবারের সম্মতিক্রমে বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন দেশের ৩৪ নাগরিক।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে সংবাদ মাধ্যমের খবর থেকে জানতে পারলাম যে, আমাদের দেশবরেণ্য ভাষা সংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের এক বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার নিজস্ব বাড়িটি জবরদখলের এক পায়তারা চলছে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই স্বনামধন্য ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার দাবিটি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেছিলেন। এজন্য তৎকালীন পাকিস্তানি শাসকরা তাকে অনেক গালমন্দ করলেও তৎকালীন পূর্ব বাংলার ছাত্র-জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হলে হানাদার সেনাসদস্যরা তাকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ক্যান্টনমেন্টে মাসের পর মাস শারীরিক নির্যাতন চালাবার পর নির্মমভাবে গুলি করে হত্যা করে। একই সঙ্গে তার কনিষ্ঠ পুত্রকেও হানাদাররা হত্যা করেছিল।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং জননন্দিত রাজনীতিবিদ। উপমহাদেশের উপনিবেশবিরোধী স্বাধীনতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন বরেণ্য নেতা— শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পণ্ডিত জওহরলাল নেহরু প্রমুখের অত্যন্ত ঘনিষ্ঠজন।
১৯৫৪ সালের নির্বাচনে তৎকালীন স্বৈরাচারী শাসকদল মুসলিম লীগের পতন এবং হক-ভাসানী-সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের বিপুল বিজয়ের পর শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে যে সরকার গঠিত হয়, ঐ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ লাখ লাখ শহীদের আত্মদানের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সেই দেশে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ মর্যাদায় স্মরণ করা বা তার সম্মানে দেশের কোনো প্রতিষ্ঠানের নামকরণ আজও করা হয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জা ও ক্ষোভের বিষয়। পক্ষান্তরে, তার নিজস্ব বাড়িটিতে স্মৃতি জাদুঘরের নামে সাইনবোর্ড ঝুলিয়ে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জবরদখলের যে অপপ্রয়াস চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
আমরা অবিলম্বে সরকারের কাছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটিকে সুরক্ষা দেওয়ার জন্য জবরদখলকারীদের ঝোলানো সাইনবোর্ড তুলে নিয়ে তা তার পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে জাতির পক্ষ থেকে যথাযথ মর্যাদা প্রদর্শনের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ তার নামে করা এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো একটি সড়কের নাম তার নামে নামাঙ্কিত করারও দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতাদের পক্ষে এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠিয়েছেন। বিবৃতিতে সই করেছেন-
১. আনু মোহাম্মদ, প্রাক্তন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২. অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন৩. খুশী কবির, সমন্বয়কারী, নিজেরা করি৪. ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআই-বি৫. আবু সাঈদ খান, লেখক ও সাংবাদিক৬. অ্যাডভোকেট জেড আই খান পান্না, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট৭. রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান৮. শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন৯. ড. শহিদুল আলম, আলোকচিত্রী১০. শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি১১. ড. সামিনা লুৎফা, অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়১২. ড. তানজীমউদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়১৩. ড. শাহনাজ হুদা, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়১৪. ড. জোবাইদা নাসরীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়১৫. রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়১৬. তাসনিম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়১৭. ড. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিকাল সাইন্স১৮. রেহনুমা আহমেদ, লেখক ও গবেষক১৯. অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট২০. অ্যাডভোকেট তবারক হোসেন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট২১. সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন২২. পাভেল পার্থ, লেখক ও গবেষক২৩. ড. ঈশিতা দস্তিদার, নৃবিজ্ঞানী ও গবেষক২৪. রোজিনা বেগম, গবেষক ও অধিকার কর্মী২৫. অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক, বি এন ডব্লিউ এল এ২৬. মনিন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ২৭. জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ২৮. এড. সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন২৯. শাহেদ কায়েস, কবি ও প্রাবন্ধিক৩০. মিঠুন রাকসাম, কবি ও আদিবাসী সংস্কৃতি কর্মী৩১. সাঈদ আহমেদ, মানবাধিকার কর্মী৩২. দীপায়ন খীসা, মানবাধিকার কর্মী৩৩. ড. হানা শামস আহমেদ, অধিকার কর্মী৩৪. মুক্তাশ্রী চাকমা, অধিকার কর্মী



