শাকুর মজিদ
নজরুলের জীবন-সংগ্রাম তুলে ধরেছে ‘শেষ হয় নাই বেলা’

বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। ছবি: আগামীর সময়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃজনশীলতা, জীবনসংগ্রাম, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে ‘শেষ হয় নাই বেলা’ প্রামাণ্যচিত্র। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এর পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজনও করা হয়।
নাট্যকার ও নির্মাতা শাকুর মজিদ নির্মিত ৩২ মিনিটের প্রামাণ্যচিত্রটি ১৪টি অধ্যায়ে সাজানো হয়েছে। ‘বিদ্রোহীর জন্মকথা’, ‘শিকল ভাঙার গান’, ‘জেলখানায় নজরুল’, ‘জনপ্রতিনিধি হওয়ার গল্প’, ‘নজরুলের দারিদ্র্য’, ‘বাংলা গজলের প্রথম রূপকার’, ‘নজরুলের প্রমীলা’, ‘নারী ও নজরুল’, ‘ব্যর্থ প্রেম যেভাবে অমরত্ব পেল’, ‘সুরভাণ্ডারী নজরুল যখন চলচ্চিত্রে’, ‘দ্বিধাগ্রস্ত নজরুল’, ‘রবিহারা নজরুল’, ‘নজরুলগীতির সূচনা’ ও ‘শেষ হয় নাই বেলা’ অধ্যায়ে কবির জীবন, সংগ্রাম ও সৃষ্টির নানা দিক তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রটি নিয়ে শাকুর মজিদ বলেন, ‘বাংলা সাহিত্যের আকাশে কাজী নজরুল ইসলাম এমন এক ধূমকেতু, যিনি একাধারে দ্রোহ ও প্রেমের অমলিন প্রতীক। তার জীবন যেন এক মহাকাব্যিক সংগ্রাম, যার প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে নির্মম দারিদ্র্য এবং অসামান্য সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন।’
তিনি আরও বলেন, ‘তবে নজরুল এই দারিদ্র্যের কাছে কখনো মাথা নোয়াননি। দারিদ্র্য তার আত্মসম্মান ও সৃজনশীলতাকে ধ্বংস করতে পারেনি; বরং তা তাকে করেছে মহীয়ান, তাকে দিয়েছে খ্রিষ্টের সম্মান ও অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। যে কবির না ছিল চাল, না ছিল চুলা, সেই দুখু মিয়ার আত্মমর্যাদা ও দ্রোহের উচ্চতার সামনে হিমালয়ের মতো সুউচ্চ পর্বতও নতিস্বীকার করে।’
প্রামাণ্যচিত্রে নজরুলের জীবনসংগ্রাম, সাহিত্য ও সংগীতসৃষ্টি, অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতাবাদী দর্শনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন ঘটনা ও সৃষ্টিকর্মের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
প্রদর্শনী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাকুর মজিদ। অধ্যাপক ড. এ কে এম মাসুদের সভাপতিত্বে আলোচনায় অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য শরীফুল ইসলাম, নৃত্যশিল্পী তামান্না রহমান ও অধ্যাপক আব্দুল জলিল। আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নজরুলের গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। পরে নজরুল বর্ষ উপলক্ষে বুয়েট আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




