কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন

সৈয়দ তাকি মোহাম্মদ
কবি, সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই। গত শুক্রবার রাত ৮টায় পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। শনিবার বাদ জোহর হোসায়নী দালান ইমামবাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাত রওজার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাত রওজা মহল্লায় একটি মুঘল অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ তাকি মোহাম্মদ। তার পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার জমিদার। সৈয়দ মোহাম্মদ তাকি হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের আমৃত্যু মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন তিনি।
মরহুমের কুলখানি আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাতরওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।



