জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার-ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রিফাত আল আফসানী।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে চলমান আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় আহত রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।





