সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ৩

ফয়সাল ও সুকুমার হালদার। ছবি: ডিএমপি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন ফয়সাল ও সুকুমার হালদার। শ্যামপুর থানা এলাকা হতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি ডিএমপি।
এর আগে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাশাপাশি রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় এবং পল্লবী থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে। সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে স্পেশাল ব্রাঞ্চের একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে পল্লবী থানা সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ফ্লাইওভার থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর ককটেলের একটি অংশ থানায় অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করার কথা জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শাহবাগগামী সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ডাকসু ভবনের সামনের সড়কে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।




