টিটন হত্যায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এসআই ইরফান খান ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২২ নভেম্বর তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২৩ নভেম্বর তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার বিবরণ থেকে, টিটন ২০২৫ সালের ১৩ অগাস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলতেন। টিটন তাকে বলতেন, বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি, এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালো ভাবে কাজ করে জীবন যাপন করতে পারি। ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন জানিয়েছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন।
পরবর্তীতে ২৬ এপ্রিল তাকে ফোন দিয়ে জানায়, তার সঙ্গে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান, রনি ওরফে ভাঙ্গারী রনিদের বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাকে বলেন, তারা তাকে ডাকছে। উভয়ের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করবে।
২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়। তখন তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তিনি মামলায় অভিযোগ করেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা সাতজনের পরিকল্পনায় তার ছোট ভাই খন্দকার নাঈম আহমেদ টিটনকে শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা রাস্তার ওপর পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে গুলি করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।





