জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির

প্রতীকী ছবি
আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোন খেলার আয়োজন হলেই সরব হয়ে উঠতেন তারা। ওয়েবসাইটে বা অ্যাপসের মাধ্যমে অনলাইন বেটিং বা জুয়ার আয়োজন করতেন। খেলা শেষে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে জুয়ার অর্থ ডলারে পরিবর্তন করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো। এভাবে বাইন্যান্সের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার হয়ে যেত টাকা। এমন দুটি চক্রের ২১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেখানে অনলাইন জুয়া পরিচালনার নানা তথ্য উঠে এসেছে।
২০২৩ সালের ১ সেপ্টেম্বর সিআইডির উপপরিদর্শক আল হাদী রবিন বাদী হয়ে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে সম্প্রতি সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের উপপরিদর্শক পরাগ সাধু আদালতে অভিযোগপত্র জমা দেন। আগামী ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
অভিযুক্ত আসামিরা হলেন— মো. মতিউর রহমান, মো. সৈকত রহমান বাবু, সাইফুল বিন ওহিদুল, মো. রেজাউল করিম, মো. সাদিকুল ইসলাম, নাজমুল আহসান, মো. তৌহিদ হোসেন, মো. জাকির হোসেন মজুমদার, মো. আশিকুর রহমান, মো. জামিল হোসেন, মো. ফিরোজ মন্ডল, মো. কাইয়ুম ইসলাম ওরফে স্বাধীন, মো. রাসেল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. সোহাগ হোসেন, মইনুদ্দিন সিকদার ছোটন, মো. আপেল মাহমুদ, মো. মানিক মিয়া, মো. সাব্বির হোসেন, ইমন হোসেন ও মো. রাসেল শেখ। এদের মধ্যে ১৬ আসামি জামিনে আছেন। তবে আশিকুর, ফিরোজ, কাইয়ুম, রাসেল ও রবিউল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে।
কয়েকটি অনলাইন জুয়ার ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, সরাসরি ওয়েবসাইটে বা অ্যাপসের মাধ্যমে টাকার বিনিময়ে সেখানে জুয়া খেলার আয়োজন করা হয়। আন্তর্জাতিক ও দেশীয় যেসব ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়, সেগুলোতে টাকার মাধ্যমে বা আগে থেকেই জয়-পরাজয় ইত্যাদি সম্পর্কে বাজি ধরা হয়। কোনো ব্যক্তি মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে বেটিং সাইট বা অ্যাপসগুলোতে অ্যাকাউন্ট ওপেন করলে অ্যাকাউন্টের বিপরীতে একটি ই-ওয়ালেট তৈরি হয়। শুরুতে এর ব্যালেন্স শূন্য থাকে। এই ওয়ালেটে ব্যালেন্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং বিভিন্ন ধরণের ক্রিপ্টোকারেন্সি অন্যতম। এগুলোর যেকোনো একটি বেছে নিলে, সেখানে এজেন্ট নম্বরগুলোর মধ্যে যেকোনো একটি এজেন্ট নম্বর দেখায় অথবা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অপশন দেখায়। এখানে টাকা পাঠালে কিছুক্ষণের মধ্যেই ই-ওয়ালেটে ব্যালেন্স সেটি যুক্ত হয়ে যায়। এর পর সেই টাকা দিয়েই জুয়া খেলতে পারেন যে কেউ। সর্বনিম্ন ২০০ টাকা পাঠানো যায় এসব সাইটে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এসব ওয়েবসাইটে ব্যবহৃত এজেন্ট নম্বর প্রতিনিয়তই পরিবর্তন হয়। বিভিন্ন ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে ডলারে কনভার্ট করে জুয়ার ওয়েবসাইট পরিচালনাকারীদের বাইন্যান্সের নির্দিষ্ট অ্যাকাউন্টে এবং বাকি অংশ উইথড্র করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ফলে বাইন্যান্সের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যায়।
মামলার আসামি মো. মতিউর রহমান রাশিয়া প্রবাসী ছিলেন। সেখানে থেকেই আরেক আসামি মো. সৈকত রহমান বাবুর সঙ্গে মিলে জুয়ার ওয়েবসাইট চালাতেন তিনি। বাংলাদেশের কার্যক্রম দেখতেন সৈকত। এ কাজে তাকে মো. রেজাউল করিম ও মো. সাদিকুল ইসলাম সহায়তা করতেন।
এসব সাইট থেকে জেতা অর্থ বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে উইথড্র করতে পারতেন জুয়াড়িরা। অন্যদিকে জুয়ার সাইটের আয় করা অর্থ আসামীদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ঘুরে পাচার হতো রাশিয়ায়।
অনলাইন জুয়ার আরেকটি চক্রের বাংলাদেশি এডমিন হিসেবে কাজ করতেন সাইয়ুফ বিন ওহিদুল। চক্রটিকে জুয়ার সাইট পরিচালনায় ব্যবহৃত বিকাশ ও নগদ সরবরাহ করতেন বিকাশের স্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) নাজমুল আহসান এবং বিকাশ হাউজের (আলম কর্পোরেশন) ম্যানেজার মো. জামিল হোসেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ওহিদুলের নির্দেশনায় কয়েকটি জুয়ার সাইট চলছিল। এতে তাকে সাহায্য করতেন রাসেল ইসলাম, মো. রাসেল শেখ, মো. সাব্বির হোসেন, মো. সোহাগ হোসেন ও মইনুদ্দিন সিকদার ছোটন। তাদের সাইট থেকে পাওয়া অর্থ নগদ টাকায় রূপান্তর করে দেওয়া হতো ওহিদুলকে।
অন্যদিকে অপরাধ চক্রটির অন্য একটি সাইটের বাংলাদেশি এডমিন হিসেবে কাজ করতেন মো. ফিরোজ মন্ডল। এই চক্রটিকে লেনদেনের জন্য ব্যবহৃত এমএফএস (বিকাশ ও নগদ) এজেন্ট এবং ব্যক্তিগত সিম সরবরাহ করতেন মো. মানিক মিয়া, মো. রবিউল ইসলাম, মো. কাইয়ুম ইসলাম স্বাধীন এবং রাসেল ইসলাম।
এ বিষয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, এই মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।



