দুই দিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা মাহি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হল শাখা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
আদালত সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার আসামি মাহিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ৪ এপ্রিল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা এক মামলায় মাহিকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুকের একটি ইনভেস্টর গ্রুপের মাধ্যমে আসামি মাহি চৌধুরীর সঙ্গে পরিচয় হয় শাকিরুল ইসলাম হিমেলের। গত ১ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে হিমেলের বাসায় উপস্থিত হন মাহি চৌধুরী। এসময় হিমেলকে নিজের ক্যাটফুড অ্যান্ড অ্যাকসেসরিজ ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন মাহি। ওই প্রস্তাবে সম্মতি দেন হিমেল।
‘এরপর হিমেলের কাছে ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার জন্য মৌখিক চুক্তির মাধ্যমে বিনিয়োগ চান মাহি। পরবর্তী সময়ে আসামি মাহি চৌধুরীর দেওয়া দুইটি ব্যাংক হিসাবে গত ২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে সর্বমোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা পাঠান হিমেল। কিন্তু মৌখিক চুক্তি অনুযায়ী বিনিয়োগকৃত টাকা লাভসহ ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেননি মাহি। একপর্যায়ে আত্মগোপনে চলে যান আসামি,’ উল্লেখ রয়েছে মামলার অভিযোগে।
এতে আরও বলা হয়েছে, ‘গত ২ এপ্রিল রাত ৮টায় আসামি মাহি ভুক্তভোগী হিমেলের বাসায় উপস্থিত হয়ে জানান, ৩ এপ্রিল তার বাবা মো. নাজমুল করিম চৌধুরী উপস্থিত হয়ে সমাধান করবেন বিষয়টি। কিন্তু ওইদিন তারা উপস্থিত না হয়ে ফোনের মাধ্যমে জানান, কোনো টাকা ফেরত দেবেন না তারা।’
এ ঘটনায় গত ৫ এপ্রিল কাফরুল থানায় মামলা করেছেন হিমেলের ভাই মো. সামসুল হক তুষার। মামলায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে মাহি চৌধুরী অর্ণবের বিরুদ্ধে।















