জবিতে ককটেল বিস্ফোরণের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিমান্ডে

ছবি: আগামীর সময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷ তিনি শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন কোতোয়ালি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রেজওয়ানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল।
এসময় আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ অন্যরা রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ ধরে ফেলেন। তখন জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করে, ব্যক্তি, সম্পত্তি, দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন৷ সেখানে উত্তেজিত জনতা তাকে প্রচুর মারধর করে। পরে তাকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসাইন মামলা করেন।



