অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর কারাগারে
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর ধানমণ্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল ও সাবেক সচিব মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সেলিম রেজা।
এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে মঙ্গলবার শুনানি করার আবেদন করেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে গত ১৯ নভেম্বর রাজধানীর পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পরদিন গত ২০ নভেম্বর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন একই মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ মে দুপুর ২ টার দিকে রাজধানীর ধানমণ্ডি মডেল থানাধীন এলাকায় ২০০-২৭৪ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জন সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জন-জীবন বিপন্ন সাধনের চেষ্টা করে। এ ঘটনায় গত ২৩ মে ধানমণ্ডি থানায় মামলা করে পুলিশ।




