ঢাকার সিএমএম কোর্টে ফুটছে ককটেল, গড়পড়তা নিরাপত্তা
- ১৭ দিনের মাথায় ফের ফাটল হাতবোমা
- আইনজীবী আহত গ্রেপ্তার আসামি রিমান্ডে
- গেটে পুলিশ থাকলেও হয় না তল্লাশি

গ্রাফিকস: আগামীর সময়
শোষণ-নির্যাতন-বঞ্চনার শিকার হয়ে মানুষ বিচারের জন্য যায় আদালতে। সুরক্ষিত ব্যবস্থাপনায় সবার প্রত্যাশ্যা ন্যায়বিচার পাওয়ার। কিন্তু সেই আদালতপাড়ায় গিয়েই আক্রান্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। ১৭ দিনের মাথায় আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী। এর আগে হামলার একাধিক ঘটনাও ঘটেছে। এসব দেখেও টনক নড়েনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা সিএমএম কোর্ট কর্তৃপক্ষের। প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটলেও নেই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা, করা হয় না তল্লাশি।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফের কেঁপে উঠল ঢাকার অধস্তন আদালত চত্বর। সিএমএম কোর্টের হাজতখানার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক আইনজীবী, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আদালতপাড়ায়। অথচ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর সরেজমিন দেখা গেল সেই একই চিত্র— হাজার হাজার মানুষ বিনা তল্লাশিতে ঢুকছে, মেটাল ডিটেক্টর অকেজো পড়ে আছে, কোনো গেটে চেক করার কেউ নেই।
সরেজমিন দেখা গেছে, আদালতের প্রধান গেটের পাশে পাহারা দিচ্ছিল পুলিশ। তারা ফোন টিপে ও গল্প করে সময় পার করছিলেন। চত্বরের পশ্চিম পাশের আরেক ফটকে দুই পকেট গেট দিয়েও বিনা তল্লাশিতে যাতায়াত করছিল মানুষ। এই গেটের মাঝে চেয়ার নিয়ে এক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা যায়। সিএমএম আদালতের লিফটের সামনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর থাকলেও অকেজো। গেটেও কোনো চেকিং পুলিশ নেই। কাউকে আটকানো, ব্যাগ খুলতে বলা, হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা— কিছুই হচ্ছে না।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের অল্প অংশ এবং পকেট গেট দিয়ে আইনজীবীসহ অন্যদের যাতায়াত করতে দেখা গেছে। তবে গেটে কোনো পুলিশ ছিল না। গাড়ি ঢুকলে দায়িত্বরত দুজন দারোয়ান দরজা খুলে দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের ফটকের দুটি পকেট গেট দিয়েই আইনজীবী, বিচারপ্রার্থীসহ অন্যদের প্রবেশ করতে দেখা গেছে। প্রধান দরজা ছাড়াও এই দুটি আদালতে আরও দুটি গেট রয়েছে। তবে কোনো গেটেই নিরাপত্তায় কাউকে দেখা যায়নি। আদালতের সব ফটকে বিচার প্রার্থী ছাড়াও সাধারণ মানুষ অবাধে প্রবেশ করলেও চোখে পড়েনি তল্লাশির ব্যবস্থা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আগামীর সময়কে বলেছেন, ‘আদালতে হাজার হাজার বিচার প্রার্থী আসেন; এখানে আইনজীবী ও বিচারকরা রয়েছেন। সবার নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ হলেও আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। তল্লাশির ব্যবস্থা ছিল না। তবে সন্দেহভাজন কাউকে পেলেই ব্যাগ তল্লাশির নির্দেশনা দিয়েছি।’
ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বললেন, প্রথম যখন ককটেল বিস্ফোরণ ঘটেছিল তারপর থেকেই আদালতে তল্লাশির ব্যবস্থা জোরদার করার প্রয়োজন ছিল। যদি তল্লাশির ব্যবস্থা থাকত তাহলে এবার এ ঘটনা ঘটত না। আমরা এরই মধ্যে আইনজীবী সমিতির পক্ষ থেকে মিটিং করেছি। রবিবার থেকে আদালতে তল্লাশির ব্যবস্থা চালু হবে। পাশাপাশি বিচারকাজ ছাড়া কোনো বহিরাগত যাতে আদালতে প্রবেশ করতে না পারে, সেই পদক্ষেপও নেওয়া হবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বললেন, আদালতের নিরাপত্তায় অবশ্যই বিচারক, আইনজীবী ও পুলিশের সমন্বিত উদ্যোগ নিতে হবে। যাতে কোনো অবস্থায় কেউ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে। আমরা চাই নিরাপদ বিচার অঙ্গন হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক।
বিস্ফোরণের ঘটনায় একজন আটক
গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেন আইনজীবীরা। পরে তাকে হেফাজতে নেয় এবং মামলা দিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ। আহত অ্যাডভোকেট হৃদয় মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন নিজেকে ঠিকাদার পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ৯ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।



