গাড়িচাপায় শ্রমিক নিহত : গ্রেপ্তার কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর

ফাইল ছবি
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় ওই গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছরের কিশোরের জামিন শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
আজ রবিবার ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন এ তথ্য জানান।
এদিন আইনজীবী আলমগীর হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। একই সঙ্গে তিনি আগামী ৪ অক্টোবর জামিন শুনানির জন্য সময় চান। এ সময় বিচারক জামিন শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই শিশুকে আদালতে হাজির করা হয়। এরপর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম। ওই দিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
গত ২২ সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। ব্যাপক সমালোচনার পর ওই কিশোরকে আবার গ্রেপ্তার করে পুলিশ।



