শ্রমিকদের আন্দোলন, ৩ মামলায় কারাগারে ২৬

ফাইল ছবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির দাবির আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার পৃথক দুই মামলায় ২০ জন ও মিরপুর মডেল থানার এক মামলায় ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন ও আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন তিন মামলায় ২৬ জনকে আদালতে হাজির করা হয়। এরপর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৩ জনকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক মো. রাশেদুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন। পল্লবী থানার বিস্ফোরক আইনের মামলায় সাতজনকেও কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক লিয়াকত হোসেন।
এ ছাড়া মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলা আরও ছয়জনকে সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আজিম আহমেদ। পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— অলিউল্লাহ অনিক, মো. কামাল গাজী, আলিফ হোসেন ইমন, রমজান সরকার, মো. মহিম মোল্লা, জুবায়ের ইসলাম জিসান, মো. আরিফ আকন্দ, মোয়াজ্জেম শাহরিয়ার নিয়াজ, মো. আরিফ, মো. নাহিদ হাসান, মাহবুব রহমান জুয়েল, শামীম, মো. সুমন গাজী, মো. ইউসুফ আলী, রবিন চন্দ্র দাস, মো. জামাল সরকার, মো. তারেক হোসেন, মো. ইমরান হোসেন, মো. আব্দুল কাসেম, মো. নঈম উদ্দিন, কাওসার আহমেদ, মো. রফিক গাজী, মো. ইসমাইল, মো. সাইফুল ইসলাম, মো. সজীব শেখ ও মো. খোরশেদ আলম।
৪ মামলায় আসামি ১০ হাজার
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুদিনের শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে। সোমবার দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ওসি এসব তথ্য জানিয়েছেন।
‘শ্রমিকদের আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে’, জানালেন ওসি।




