রাজধানীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছিল চার গ্যারেজ, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে পুলিশসহ বিভিন্ন সংস্থা। গতকাল রবিবার রাত ৯টা থেকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় চালানো হয় এই অভিযান।
অভিযানে চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করার প্রমাণ মিলেছে। এ ঘটনায় এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট, র্যাব, ডিপিডিসি, ডেসকোসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে চালায় এই অভিযান।
ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন এসব তথ্য।
অভিযানে মোট ছয়টি অটোরিকশা গ্যারেজে তল্লাশি চালানো হয়। এর মধ্যে দুটি গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বৈধ পাওয়া যায়। বাকি চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, গ্যারেজগুলোয় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত রবিউল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। রায়েরবাজারে এসব গ্যারেজে অবৈধ সংযোগ দিয়ে রবিউল প্রতিমাসে ২০ হাজার টাকা করে নিতেন।
অভিযানে ট্রাফিক তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন।
এ ছাড়া অভিযান হয়েছে রাজধানীর লালবাগে অটোরিকশার গ্যারেজেও। এই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ থেকে ১০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে ডিপিডিসি ও লালবাগ ট্রাফিক বিভাগ।
এদিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত লালবাগ থানাধীন শহীদ নগর আধা গলি রোডসংলগ্ন ১ ও ২ নম্বর গলিসহ আশপাশে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্যারেজ ছাড়াও রাজধানীর প্রধান প্রধান সড়কে অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ডিএমপি। প্রধান সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে চালানো হচ্ছে এসব অভিযান।




