চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের নিম্ন আয়ের মানুষ ও পানি সংকটাপন্ন এলাকার বাসিন্দাদের জন্য আরও ৯৪টি পানির এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। এ লক্ষ্যে আজ রবিবার চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ড্রিংকওয়েলের পাঁচ বছরমেয়াদি একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে।
বর্তমানে নগরে প্রতিষ্ঠানটির ছয়টি বুথ চালু রয়েছে। নতুন চুক্তির ফলে এই সংখ্যা দাঁড়াবে ১০০টিতে।
নগরের সুবিধাবঞ্চিত মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাবার পানি পৌঁছে দিতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এর আগে গত ৯ সেপ্টেম্বর নগরে ১০০টি পানির এটিএম বুথ স্থাপনের জন্য আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের সঙ্গেও একটি চুক্তি করেছিল সংস্থাটি। নতুন চুক্তির ফলে নগরে সুপেয় পানির আওতা আরও বাড়বে বলে আশা করছেন ওয়াসার কর্মকর্তারা।
রবিবার চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী।
চুক্তি অনুযায়ী, এটিএম বুথ স্থাপনের জন্য জায়গা দেবে ওয়াসা। আর মূলধনী যন্ত্রপাতির অর্থায়ন করবে ড্রিংকওয়েল। ওয়াসার জায়গা পাওয়া না গেলে আলোচনাসাপেক্ষে সরকারি বা বেসরকারি জায়গা ব্যবহারের ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। চুক্তিতে গ্রাহকসেবার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কোনো বুথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ড্রিংকওয়েলকে তা ৪৮ ঘণ্টার মধ্যে মেরামত করতে হবে। আর কোনো কারণে বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে প্রতিষ্ঠানটিকে বিকল্প উপায়ে সাময়িক পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা ও প্রয়োজনে অতিরিক্ত শোধনের দায়িত্বও থাকবে ড্রিংকওয়েলের ওপর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেছেন, ‘এটিএম বুথ শুধু পানি সরবরাহের ব্যবস্থা নয়, এটি মানুষের প্রয়োজনের জায়গায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। যেসব মানুষ প্রতিদিন পানির জন্য অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করেন, এই উদ্যোগে তারা সরাসরি উপকৃত হবেন।’
আগামীতে নিম্ন আয়ের মানুষের জন্য গভীর নলকূপ স্থাপন এবং লবণাক্ততা থাকা এলাকাগুলোতে রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি ওয়াসার সেবাকে আরও গতিশীল করতে বিলিং অ্যাপ তৈরি ও পানির লাইন সম্প্রসারণের কাজ চলছে।
অনুষ্ঠানে ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী মিনহাজ চৌধুরী আশা প্রকাশ করে বলেছেন, এই চুক্তির মাধ্যমে ওয়াসার সঙ্গে তাদের সহযোগিতা আরও দৃঢ় হবে এবং এর সুফল চট্টগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।
চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে এবং ড্রিংকওয়েলের হেড অব সার্ভিস ইঞ্জিনিয়ারিং আবদুস সাত্তার, প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




