শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: আগামীর সময়
শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন মৃত্তিকা বিজ্ঞান অনুষদের সাইফুল্লাহ শাহরিয়ার, কৃষিতত্ত্ব বিভাগের মারজানা ইয়াসমিন, কৃষি রসায়ন বিভাগের মো. মেফতাউল ইসলাম সৈকত, কৃষি সম্প্রসারণ বিভাগের মো. জাভেদ আজাদ, ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোছা. মাহমুদা পারভীন এবং মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের কে.বি.এম. সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় ওই শিক্ষকদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা সন্তোষজনক জবাব দেননি। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হলে তাদের স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেছেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কিছু সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই সেগুলো লিখিত আকারে প্রকাশ হবে।’




