চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

ছবি: আগামীর সময়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১০ম গ্রেডের অবশিষ্ট ৬১০ পদের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশসহ নিয়োগপ্রক্রিয়া সম্পন্নের দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা।
আজ রবিবার দুপুরে রংপুর নগরীর কাচারীবাজার এলাকায় শিক্ষা ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ও মাউশির আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মহাপরিচালকের কাছে তারা স্মারকলিপি দেন।
আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানান, ২০২০ সালের ২২ অক্টোবর ৪ হাজার ৩২টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। বিজ্ঞপ্তির আওতায় ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ১০ম গ্রেডের ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
এসব পদের মধ্যে প্রদর্শক পদে ৫১৪টি, গবেষণা সহকারী পদে ২১টি, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে ৬৯টি এবং ল্যাবরেটরি সহকারী পদে ৬টি রয়েছে। এসব পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৫ এপ্রিল। একই বছরের ৪ মে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৬ জুন শেষ হয়। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।
কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থী রসরাজ রায় বলেন, ‘একই সার্কুলারে অন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা চাকরিও করছেন। কিন্তু ভাইভা দেওয়ার দুই বছর পেরিয়ে গেলেও আমাদের ফলাফল দেওয়া হচ্ছে না।’
চূড়ান্ত ফলাফল প্রত্যাশী আকতারা আঁখি বলেন, প্রদর্শক (উদ্ভিদবিদ্যা) পদে দুই বছর আগে পরীক্ষা দিয়েছি, কিন্তু ফলাফলের খবর নেই। ৬১০টি পদের বিপরীতে প্রায় ৭ হাজার চাকরিপ্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।
মাউশির নিয়োগ-২০২০ চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের মুখপাত্র লিটন কুমার বলেন, এই ফলাফল তখন অদৃশ্য শক্তি আটকে রাখে। এখন শিক্ষা সচিব নতুন করে আবার ফলাফল নিষ্পত্তি করার কথা বলছে। কিন্তু এবার যেন তা মাউসি আটকিয়ে রাখতে না পারে, এজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, চাকরিপ্রার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।




