ঢাকা উদ্যান এলাকায় চলন্ত লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের সামনে চলন্ত লেগুনা থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
মৃতের নাম মো. সাগর (১৭)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু লেগুনাচালক রিফাত হোসেন জানিয়েছেন, সন্ধ্যায় লেগুনাটি চালিয়ে ঢাকা উদ্যানের পাশে রাখতে যাচ্ছিলাম। লেগুনায় কোনো যাত্রী ছিল না। এ সময় পেছন থেকে দৌড়ে চলন্ত লেগুনায় ওঠে সাগর। একটু এগিয়ে যেতেই স্পিডব্রেকার পার হওয়ার সময় লেগুনার পেছন থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে গুরুতর আহত হন সাগর।
তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃত সাগর ভোলা চরফ্যাশনের মাছ ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে। তিনি ঢাকা উদ্যান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।



