মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় গেল প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ভাটারা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে এ ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত মো. সুমন (২০) গ্রিলের কাজ করতেন। তিনি নোয়াখালী সদর আজিজুল্লাপুর গ্রামের বাসিন্দা নুরুন্নবী লিটনের ছেলে।
সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন তার বন্ধু রবিউল। তিনিও আহত হয়েছেন এ দুর্ঘটনায়।
রবিউল জানিয়েছেন, সুমনের মোটরসাইকেলে করে তারা ঘুরতে বের হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি ভাটারার সাঈদনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাক এতে ধাক্কা দেয়। তারা রাস্তায় ছিটকে পড়ে দুজনেই আহত হন।
রবিউল আরও জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন বলেছেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



