যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক। পালিয়ে গেছেন আরও দুজন।
আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট ডেমরা রোড এলাকায়।
নিহত যুবকের নাম মো. জনি (৩২)। তিনি যাত্রাবাড়ী কাজলার পাড়ের মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। আহত যুবকের নাম নিসাত মিয়া (২৭)। তিনি যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার মহসিন মিয়ার ছেলে। নিসাত মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসব তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই হাসান। তিনি জানান, সকালে ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে ঘিরে ধরে মারধর করা হয়। এতে জনি নামের ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




