সাড়ে ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে ‘জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।
ভ্যাট বিভাগ জানায়, প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত। তবে অভিযানের সময় সেখানে প্রস্তুতকৃত ব্যাটারির পাশাপাশি ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জাম মজুদ পাওয়া যায়। একই সঙ্গে আমদানিকৃত মোবাইল ফোনের চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।
অভিযানের সময় প্রাথমিকভাবে মূসক ফাঁকির তথ্য পাওয়া গেলে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে সংরক্ষিত বিভিন্ন দলিল জব্দ করা হয়।
জব্দ করা দলিলপত্র পর্যালোচনা করে ভ্যাট কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এর মাধ্যমে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার মূসক ফাঁকি দেওয়া হয়েছে বলে হিসাব পাওয়া যায়।
এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করার তথ্যও পাওয়া যায়। এর বিপরীতে মূসক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা।
বিক্রয় ও ক্রয়ের তথ্য গোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট মূসক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা। ভ্যাট বিভাগ জানিয়েছে, উদঘাটিত সরকারি পাওনা আদায়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



