রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ছবি: আগামীর সময়
অটোরিকশা চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ট্রাফিক পুলিশের হয়রানি ও গাড়ি ডাম্পিং বন্ধসহ কয়েক দফা দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোরিকশার চালকরা। ‘ভাত দে! কাপড় দে! নইলে অটো চলতে দে!’ স্লোগানে বিক্ষোভ করেন তারা। প্রেসক্লাবের সামনে অবরোধ শেষ করে দৈনিক বাংলার মোড় থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।
সোমবার প্রেস ক্লাবের পাশাপাশি তারা সড়ক অবরোধ করেছেন রাজধানীর আরও কয়েকটি স্থানে। বিক্ষোভ সমাবেশের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে আজ সোমবার অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা ঘিরে আজ সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার সংখ্যা অনেকটাই কম দেখা গেছে। এতে গণপরিবহনে চাপ বেড়েছে। বিশেষ করে যেসব এলাকায় কম দূরত্বের কারণে যাত্রীরা অটোরিকশা ব্যবহার করতেন, সেখানে চাপ আরও বেশি।
সমাবেশে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বকর বলেছেন, ‘ঢাকার বাসিন্দারা যেমন ঢাকা শহরকে যানজট মুক্ত দেখতে চায়, আমরাও ঢাকাকে একটি সুন্দর-সুশৃঙ্খল মহানগর হিসেবে উপহার দিতে চাই। এর জন্য সরকার আমাদের সাথে বসুক, সরকার যত ধরনের সহযোগিতা চায়, আমরা তা করতে প্রস্তুত আছি।’
বিভিন্ন রিকশা গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা গাড়ি চালাতে পারছেন না। এতে তাদের আয়-রোজগারও কমে গেছে বলে অভিযোগ করেছেন অটোরিকশা চালকেরা। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
এদিকে যেসব চালক বিক্ষোভে অংশ না নিয়ে অটোরিকশা চালাচ্ছেন, তাদের গাড়ির চাকা ছিদ্র করে করাসহ নানা হয়রানি করছেন বিক্ষোভকারীরা।





