রাজধানীতে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ অজ্ঞাত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
এদিন যাত্রাবাড়ী থানাধীন সনিরআখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াসের পাশে রাস্তা থেকে অজ্ঞাত পুরুষের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান জুয়েল বলেছেন, মৃহ ওই ব্যক্তি যাত্রবাড়ী এলাকায় ঘুরাঘুরি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। লোকটি ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণে মারা গেছেন তিনি। সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
একই দিন মতিঝিল নটরডেম কলেজের বিপরীতে রাস্তায় পড়েছিলেন অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ (৫০)। পথচারী নাসির তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোমবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় মৃত্যু হয় তার।
অন্যদিকে, একইদিন অজ্ঞাত এক নারীকে (৩০) অসুস্থ অবস্থায় কে বা কারা ঢামেক হাসপাতালের পাশে ফেলে যায়। পরে হাসপাতালের স্টাফরা দেখতে পেয়ে সোমবার সকালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থেকে বেলা সোয়া ১১ টার দিকে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।
কামরাঙ্গীরচর থানার এসআই প্রাণেশ্বর দাস জানিয়েছেন, সোমবার সকালে কামরাঙ্গীরচর এলাকার জাউলালা হাটি থেকে অজ্ঞাত পুরুষের (৬৫) লাশ উদ্ধার করা হয়। লোকটি ওই এলাকায় ঘুরাঘুরি করতেন। লোকটি ছিলেন ভবঘুরে প্রকৃতির।
শাহবাগ থানাধীন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের মোড়ে রাস্তার ফুটপাত থেকে অজ্ঞাত আরেক পুরুষের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার এসআই বিজয় মন্ডল জানান, ধারণা করা হচ্ছে মৃত লোকটি ভবঘুরে প্রকৃতির ছিলেন।




