পাকিস্তানি যুবকসহ দুজনের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মুহাম্মদ শাহবাজ (২৬)। একই দিন ধানমন্ডির একটি বাসা থেকে উদ্ধার হয়েছে শাহ আলম (৫৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ। গতকাল মঙ্গলবার সকালে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জুবায়ের জানিয়েছেন, দক্ষিণ বনশ্রীর এফ ব্লক, ৯/৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন পাকিস্তানি ওই নাগরিক। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জামালপুর থানা এলাকায়। বাবার নাম নাজির আহমেদ। পেশায় ব্যবসায়ী। তিনি বাংলাদেশি একটি নৃগোষ্ঠীর তরুণীকে বিয়ে করেছিলেন। এই দম্পতি বনশ্রীর ওই বাসায় থাকতেন। কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেন।
এসআই আরও জানিয়েছেন, স্ত্রীকে ফিরিয়ে আনতে শাহবাজ দুদিন আগে সাতক্ষীরা গিয়েছিলেন। তবে ব্যর্থ হন। পারিবারিক এসব কারণে তিনি বিক্ষিপ্ত ছিলেন। পরে সোমবার রাতের যেকোনো সময় আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত ৩টার দিকে ওই বাসার দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানালেন এই পুলিশ সদস্য।
আরেক সুরতহাল প্রতিবেদনে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জিন্নাহ উল্লেখ করেছেন, গতকাল ভোরে ধানমন্ডির ৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে নিজের বিছানার ওপর থেকে উদ্ধার করা হয় শাহ আলমের মরদেহ। তিনি জানিয়েছেন, শাহ আলম ব্যবসায়ী। গত সোমবার রাত ১২টার দিকে বাসায় ফিরে খাবার খেয়ে নিজের কক্ষে যান। আধা ঘণ্টা পর গৃহপরিচারিকাকে ডেকে পানি দিতে বলেন। তবে পানি নিয়ে গেলে পান না করে জানান, বুকে ব্যথা অনুভব করছেন। এর কিছুক্ষণ পরই নিস্তেজ হয়ে পড়েন। পরে গৃহপরিচারিকা বাড়ির ম্যানেজার ও দারোয়ানকে জানালে তারা থানায় খবর দেন।




