বাথরুম ব্যবহার নিয়ে ভাড়াটিয়াদের বিবাদ, ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর পল্লবীতে বাথরুম ব্যবহার নিয়ে বিরোধের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার (৩০) নামে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনোয়ারকে নিয়ে আসা প্রিয় জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে অন্তঃসত্ত্বা আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গে অপর ভাড়াটিয়া নারীর ছেলে আরিফ, তার মা ও আরও কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আনোয়ারকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার একটি বুটিকের কর্মচারী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।




