রাজধানীতে আরও দুই বাসে আগুন

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর ১৪ নম্বর ও পল্টনের দৈনিক বাংলা মোড় এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পৃথক এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি বাসের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১১টার দিকে ভাষানটেক থানাধীন মিরপুর ১৪ নম্বর এলাকার টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশের সড়কে প্রথম অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী ‘চামড়াবন্দর এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪) আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্য ঘটনাটি ঘটে রাত সাড়ে ১১টার দিকে পল্টন থানাধীন দৈনিক বাংলা মোড়ে। সেখানে গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের আসন, জানালার কাচ ও ছাদের অংশসহ অধিকাংশ পুড়ে যায়।
পল্টন থানার ডিউটি অফিসার বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানা পুলিশ কাজ করছে।
দুটি ঘটনাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রাজধানীর মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরে যাত্রীবাহী বাস ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বরে ‘ইতিহাস’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া মিরপুর প্রশিকার মোড় ও গাবতলী-সাভার সড়কেও বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ভোরে মোহাম্মদপুরের বসিলায় পশ্চিম পুলিশ লাইনসের সামনে এসপিবিএনের গ্যারেজে রাখা একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




