মালয়েশিয়া যেতে না পারাদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

নির্ধারিত সময়সীমা ২০২৪ সালের ৩১ মে-এর মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা ও আর্থিক ক্ষতির মুখে পড়া কর্মীরা প্রবাসী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচির একপর্যায়ে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে কর্মসূচি।
আজ রবিবার বেলা একটার দিকে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে ঘটে এ ঘটনা।
আন্দোলনকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১১টার দিকে ব্যানার, ফেস্টুন নিয়ে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আসেন শতাধিক যুবক। তারা সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়ায় তাদের অগ্রাধিকার দাবি করে সড়কে অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, ২০২৪ সালে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা পাসপোর্ট ও জনপ্রতি ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা দিয়েছিলেন। অনেকের কলিং ভিসা, বিএমইটি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্টসহ সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বিমানের টিকিটের সংকট ও অতিরিক্ত দামের কারণে প্রায় ১৮ হাজার কর্মী দেশটিতে যেতে পারেননি। এজেন্সিগুলো পাসপোর্ট ফেরত দিলেও জমা দেওয়া অর্থের এক টাকাও ফেরত দেয়নি।
ময়মনসিংহ থেকে আসা ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘জমি ও গরু বিক্রি করে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে এজেন্সিকে সাড়ে চার লাখ টাকা দিয়েছিলাম। টিকিট না পাওয়ায় যেতে পারিনি, টাকাও ফেরত পাইনি। এখন আবার নতুন করে এজেন্সিকে টাকা দিয়ে বিদেশে যাওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের নেই। সরকার যে ১০ হাজার কর্মী বিনা খরচে পাঠানোর উদ্যোগ নিয়েছে, সেখানে আমাদের মতো চরম ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিতে হবে।’
অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর ১টার দিকে আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে আন্দোলনকারীরা সরে যান।
এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সাব্বির আহমেদ আগামীর সময়কে বললেন, বাদ পড়াদের মধ্যে ১ হাজার ৫০০ কর্মীকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। আর নতুন করে ওই তালিকা থেকে পাঠানোর সুযোগ নেই।




