রাজধানীতে ৪৪২ জন গ্রেপ্তার, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ নেতাকর্মী রয়েছেন। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার ডিএমপি এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১১১ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৪ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১টি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ১টি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



