জিয়া শিশু একাডেমির ‘আলোর মিছিল’ জানুয়ারিতে

আগামীর সময় কার্যালয়ে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির প্রতিনিধি দল। ছবি: আগামীর সময়
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২০ জানুয়ারি বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ১১তম জাতীয় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ‘হিবরুল বাহার থেকে আলোর মিছিল-২০২৬’ শীর্ষক এ আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারের আয়োজনও থাকবে।
আয়োজনটি সামনে রেখে আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে দৈনিক আগামীর সময় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে একাডেমির একটি প্রতিনিধি দল। এতে বিভিন্ন শিক্ষা বোর্ডের দলনেতা ও একাডেমির কর্মকর্তারা অংশ নেন।
একাডেমির কর্মকর্তারা জানান, ‘হিবরুল বাহার’-এর ধারাবাহিকতায় এবারের আয়োজনের নাম রাখা হয়েছে ‘হিবরুল বাহার থেকে আলোর মিছিল’। বৈঠকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে বোর্ডভিত্তিক দলনেতা নির্বাচন ও তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এ আয়োজনে দৈনিক আগামীর সময়কে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত করার বিষয়েও কথা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আগামীর সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী, সম্পাদক মোস্তফা মামুন, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবির, পরিচালক সামিনা আখতার, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ও সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান লিপ্টন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের দলনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবরিয়া জসিম তিশি, তানভীর আহমেদ, তাহরিমা তাসনিম মাইশা, সামিউল হক সিমন, নাবিলা নিশাত সামিন, ফারহানা ফেরদৌস, জান্নাতুল মাওয়া, আয়েশা আলম খান, মো. জুবায়ের খান, নুসরাত জাহান, আব্দুল্লাহ বিন হারুন, শেখ সাব্বির ইসলাম রাইহান, শায়লা সিরাজ খান, সামিয়া রহমান নূহা, তাহীর আবরার তাহী, মারিয়া কবির প্রমা, ফাতিমা রাফি, ইফতেখার আহমেদ ভূঁঞা, উম্মে হুমাইরা হিমু আশফী ও নুসরাত নাজিফা জামান রূপন্তি।



