নিখোঁজের দুই দিন পর খালে ভাসছিল চালকের লাশ, মেলেনি অটোরিকশা

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পাওয়া গেল মো. মুন্না (৩২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ। আজ বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইল মৃধাবাড়ি এলাকার ওয়াসার খালে ভাসছিল তার মরদেহ। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল আগামীর সময়কে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার পর স্থানীয় লোকজন খালে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে ছুরির জখম আছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর খালে ফেলে দেওয়া হয়েছে।
খবর পেয়ে মুন্নার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। মুন্না যাত্রাবাড়ীর পশ্চিমপাড়া, ৬৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মান্নান ও ফাতেমা বেগমের ছেলে। তার স্ত্রীর নাম রিয়া বেগম।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মুন্না। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আজ যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মুন্নার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার অটোরিকশাটিও এখনো পাওয়া যায়নি।




