শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনার পর তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ মাস পর এটি জমা দেওয়া হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি আজ মঙ্গলবার বিকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
উপাচার্য বলেছেন, আজকে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামী সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা করেন ছাত্রদলের একদল নেতাকর্মী। এ ঘটনায় অন্তত ১০ সাংবাদিক আহত হন।
হামলার পরপরই সহকারী প্রক্টর মাহবুব কায়সারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।



