মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর করে ও আগুন দেওয়া হয়। ছবি: আশরাফুল আলম
রাজধানীর মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। আজ বুধবার মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তত ৩টি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটরও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের পর মিরপুর-১০ নম্বর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে উচ্ছেদ অভিযানকারীদের ওপর হামলা চালান হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেন এবং পুলিশের গাড়ি ও অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটরে ভাঙচুর চালান।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে এক গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালিয়েছে হকাররা। হামলায় সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে মিরপুর-১০ এলাকার সড়কে যান চলাচলও ব্যাহত হয়।




