রাজধানীর শ্যামলীতে বাড়ি দখলের চেষ্টা, গ্রেপ্তার ৫

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার দুপুরে বিষয়টি জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন।
বাড়ির মালিকের স্বজনদের অভিযোগ, গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল ওই বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
হামলাকারীরা বাড়িটির মূল ফটকে চাপাতি ও রামদা দিয়ে আঘাত করে। এ সময় সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচও ভাঙচুর করা হয়।
বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মনির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতর থেকে কেউ বের না হলে তারা বাইরে থেকে টাকা দাবি করে হুমকি দিতে থাকে। একপর্যায়ে চাপাতি ও রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
তিনি বললেন, হামলাকারীরা গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইটের টুকরো দিয়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচ ভেঙে ফেলে। বাড়িতে হামলার পর ভাড়াটিয়ারা নিচে নেমে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর একবার বাড়িটি দখল করা হয়েছিল। তার ভাষ্য, ওই বছরের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করে নেন। পরে আদাবর থানায় অভিযোগ দিয়েও সমাধান না হওয়ায় তারা আদালতে মামলা করেন। গত ১২ মার্চ আদালতের মাধ্যমে বাড়িটির দখল ফেরত পান তারা।




