নিউগিনি প্রপার্টিজে হামলায় কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া
- শনাক্ত শতাধিক, অধরা মূল সমন্বয় যুবরাজ
- ১১ গ্রেপ্তারের ৮ জনই জামিনে

ফাইল ছবি
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকার চুক্তিতে সন্ত্রাসী বাহিনী ভাড়া করা হয়। এর অন্যতম সমন্বয়ক ছিলেন ভাষানটেকের যুবরাজ। মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে এ চুক্তি হয়। ২৬ সেপ্টেম্বর প্রথম হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদসহ ১১ জন গ্রেপ্তার হলেও আটজনই জামিনে মুক্তি পেয়েছেন। এখনো অধরা রয়েছে যুবরাজ। তবে শতাধিক ব্যক্তিকে শনাক্তের তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন পরিকল্পনা করেন। সেখানে মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে যুবরাজের এক কোটি টাকার চুক্তি হয়। তাবলিগ জামাতে গিয়ে আগেই শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয় হামলা পরিকল্পনায় নাম আসা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর। পরে গ্রেপ্তার হওয়া গোলাম মহিউদ্দিনও জামিনে মুক্তি পান। ২৬ সেপ্টেম্বর রাতে প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিও। এ ঘটনায় প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত-সংশ্লিষ্টরা জানান, প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনা হয়। ৩৫ কাঠা জমিতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও মালিকানা রয়েছে। সেখানে কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল তাদের। সরাসরি বের হওয়ার রাস্তা না থাকায় নিউগিনি প্রকল্পের মূল ফটক ভেঙে ভেতরের রাস্তা ব্যবহারের পরিকল্পনা করে আসামিরা। ফলে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার, কোটি টাকা ও ইট-বালু সরবরাহের কাজ দেওয়ার প্রতিশ্রুতিতে হামলার দায়িত্ব দেওয়া হয় শাহরিয়ার মাহমুদকে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন বলেন, হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। অনেককে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু আলামত ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তদন্তে আরও তথ্য পাওয়া যাবে।
ফের হামলা, ১৩ দিন পর মামলা
একই প্রকল্পে গত ৭ নভেম্বর আবারও হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার ১৩ দিনও হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। গত ২০ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় সাইফুল মামলা করেন। তবে ঘটনার দিনই ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুলের মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবুল কাশেম, মো. ওয়াসিম, মো. বাবুল হোসেন, নূর আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, মোহাম্মদ শাহিনুজ্জামান, তাজুল ইসলাম বাবু, রাশেদ আলী, মো. রনি, মো. মহিউদ্দিন, হোসাইন ফাহমিদ, মাসুদুর রহমান, আ. হালিম, মো. হাসান, সজিব, মো. আজাদুর ইসলাম, দুলাল হোসেন, নুর নাহার, কুলসুম ও শাহনাজ।
ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, নাজিম উদ্দিনের সঙ্গে নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তার মামলা নেওয়া হয়েছে। কিছু লোককে বাদ দিয়ে প্রকল্পের মালিক নাজিম উদ্দিনকে মামলা করতে বলা হলেও তিনি করেননি।
ভুক্তভোগী নাজিম উদ্দিন বলেন, পরিস্থিতি ভালো না। তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে। আমি প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে আছি।





