চিকিৎসার নামে বাসায় ডেকে নারীকে ধর্ষণ, কথিত পীর কারাগারে

গ্রাফিকস: আগামীর সময়
চিকিৎসার নামে বাসায় ডেকে নারীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ইখতিয়ার হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী আরটিএন অমিত দেওয়ান তার জামিন চেয়ে প্রার্থনা করেন। তবে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে গত ৯ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মোছা. কামরুন্নাহারের আদালতে ভূক্তভোগী ওই নারী মামলার আবেদন করেন। ট্রাইব্যুনাল অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নুরজাহান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বিবরণে বলা হয়েছে, ভুক্তভোগী ওই নারী একজন সংস্কৃতি কর্মী। তার স্বামীর ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ওই নারীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। ২০২৩ সালের ২৪ আগস্ট বিকালে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগী নারীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল রানা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
পরবর্তী সময়ে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করেন আসামি। এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ফের ধর্ষণ করা হয়।



