১০ লিটার তেলে ৫৩০ মিলি কম, পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি
রাজধানীর পশ্চিম কাফরুলে জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
বেগম রোকেয়া সরণির পশ্চিম কাফরুলে অবস্থিত পাম্পটিতে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ মেলে। এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজলে ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়া হচ্ছিল।
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মে জড়িত তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মহানগর পুলিশ সহযোগিতা করে। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মো. আব্দুল কাদের ও পরীক্ষক আহসান হাবীব খান।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



