ঘুষের প্রস্তাব ফিরিয়ে ৯৮ হাজার রিয়াল উদ্ধার করলেন আনসার সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য। তার তৎপরতায় দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চেকিংয়ের সময় দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় বিষয়টি এড়িয়ে যেতে নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন ওই যাত্রী। তবে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান তিনি।
খবর পেয়ে ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে যাত্রীর মালামাল তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
পরে আটক যাত্রী মোহাম্মদ হালিম ও উদ্ধার করা রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আটক মোহাম্মদ হালিম কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জজ মিয়া।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপ বাহিনীর সততা, পেশাদারত্ব ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশব্যাপী সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।



