সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে গঠন করা হয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা।
বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে গঠন করা হয়েছে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
বৈঠকে সম্পাদকরা জানিয়েছেন, দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং পেশাদার সাংবাদিকতার পরিবেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নতুন এ সংগঠন।
এ সময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি এবং দ্রুত জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন অংশগ্রহণকারীরা।




