৩০০ ফিটে নির্মাণাধীন ভবনে মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মো. আজিম মোল্লা (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত পৌনে ৯টার দিকে কোয়ালিটি বিল্ডিং স্বদেশ প্রপার্টির ২০ তলা ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনেরা।
নিহতের চাচাতো ভাই তানভীর মোল্লা জানান, আজিম ওই ভবনে স্যানেটারি মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। রাতে বেজমেন্টে মই দিয়ে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহত আজিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে। তিনি বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার পরিবার গ্রামে বসবাস করে।




