এনডিএফ
শরীয়তপুরে চিকিৎসকদের ওপর হামলা পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত

ছবি: আগামীর সময়
শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
আজ রবিববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনডিএফ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমিত সম্পদের মধ্যেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এরপরও দেশ জুড়ে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য।
বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, ডা. নাসিরের ওপর হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আক্রমণ নয়, এটি পুরো চিকিৎসক সমাজ ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত। তার ভাষ্য, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস এবং চিকিৎসকদের সেবা কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তিনি জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, দলীয় পরিচয় বিবেচনা না করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকরা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে সেবা দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তিনি।
এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহমুদ হোসেন মন্তব্য করেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাস্থ্যকর্মীদের এভাবে ঘন ঘন হামলার শিকার হতে হয় না। কোনো তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ‘ডাক্তারের অবহেলায় মৃত্যু’ বলে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি। অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো উচিত ছিল উল্লেখ করে তিনি জানান, চিকিৎসকদের ওপর এভাবে হামলা নজিরবিহীন।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




